রংপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:৪৫

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর নগরীতে ট্রেনের ধাক্কায় ওয়াসিম (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পাটবাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৮টার দিকে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মৃত ওয়াসিম পাটবাড়ী রেলগেটসংলগ্ন বস্তি এলাকার হাসু মিয়ার ছেলে। রংপুর নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু জানান, ওয়াসিম ট্রলিচালক ছিলেন। শুক্রবার সকালে ট্রলি ধোয়ার জন্য বাড়ির পাশে রেলগেটে পানির পাইপ টানার কাজ করছিলেন। হঠাত্ পানির পাইপটি রেল লাইনের ওপর পড়ে যায়। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এই গেটে কোনো গেটম্যান নেই বলেও জানান কাউন্সিলর। রংপুর রেলস্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) দেওয়ান মো. নিজাম উদ্দিন জানান, জিআরপি পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।