পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:৪৫

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ পৌরসভায় বৃহস্পতিবার বিকালে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম ওবায়দুল (৬)। সে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোয়ারা আবদুল বারী হাটের শওকত হোসেনের ছেলে।

ঘটনার দিন ওবায়দুল বাড়ির সবার অজান্তে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীন হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, আগৈলঝাড়ায় বৃহস্পতিবার বিকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের বাবু আকনের ছেলে রিফাত আকন (দেড় বছর)। সে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে রিফাতকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক ডা. তানজিনা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, কালিহাতীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সোহান মিয়া (১০)। সে উপজেলার ভাবলা গ্রামের মো. আলম মিয়ার ছেলে। বৃহস্পতিবার উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামে এ ঘটনা ঘটে।