খুলনা অফিস
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উত্স হচ্ছে ভ্যাট। রাজস্ব বৃদ্ধি ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। সরকারের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য হ্রাসে রাজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুক্রবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২০২১-২০২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের ভীতির কোনো কারণ নেই। এখন অনলাইনেও ভ্যাট প্রদান করা যায়। করোনাকালে প্রায় ৭০ শতাংশ ব্যবসায়ী অনলাইনে ভ্যাট প্রদান করেছেন। রাজস্ব আহরণ বাড়াতে করদাতার সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা সে লক্ষ্যে সার্ভে করছি।
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট-নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (শুল্কনীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরিয়া ও সদস্য (আয়করনীতি) মো. আলমগীর হোসেন। এ সময় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার, মোংলা কাস্টমস হাউজের কমিশনার, খুলনা কর অঞ্চলের কর কমিশনারসহ খুলনা ও বরিশাল চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।
