আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ কোহলি

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:৫২

ভারতের সূর্যকুমারকে বিতর্কিতভাবে আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। আম্পায়ারের এমন সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও। সেই সঙ্গে আম্পায়াররা যেন ‘আমি জানি না’ বলতে পারেন, এমন একটি কলের প্রস্তাব করেছেন। ঘটনাটি ঘটে, ভারতের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারের সময়। ঐ ওভারে স্যাম কারানের দ্বিতীয় বলে ডিপে তুলে মারেন সূর্যকুমার। দৌড়ে এসে ডিপ স্কোয়ার লেগে বলটি তালুবন্দি করেন ডেভিড মালান। ইংল্যান্ডের ফিল্ডাররা যখন উদ্যাপন করতে ব্যস্ত তখন অনিশ্চয়তা থাকলেও সফট সিগন্যাল হিসেবে আউট দেন অন-ফিল্ড আম্পায়ার।তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত বিবেচনার জন্য পাঠানো হলে টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি মালানের তালুবন্দি হওয়ার আগে মাটিতে স্পর্শ করেছিল। তারপরও সূর্যকুমারকে আউট দেন তৃতীয় আম্পায়ার। ফলে ৩১ বলে ৫৭ রান করে বিতর্কিত এক ক্যাচ আউটে ফেরেন তিনি। আম্পায়ারের এমন সিদ্ধান্ত নিয়ে কোহলি বলেন, ‘টেস্ট সিরিজে একটা ব্যাপার ছিল যে জিঙ্ক (আজিঙ্কা রাহানে) যখন ক্যাচটি ধরে তখন সে নিশ্চিত ছিল না। যখন মাঝামাঝি কিছু থাকে তখন সফট সিগন্যাল গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আমি জানি না কেন আম্পায়ারদের জন্য ‘আমি জানি না’ কল থাকতে পারে না। আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছে। যেমনটা হয়ে থাকে ডিআরএসের ক্ষেত্রেও। এটা বন্ধ হওয়া দরকার।’  টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ একই সময় শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।