ইত্তেফাক রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি এবং চলমান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল বেবি কেয়ার পোডাক্ট কোম্পানি ‘কদোমো’।
ডিএসইসির সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হাসান হূদয়। ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক তৌফিক অপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক আব্দুল মোমেন মিল্টন ও প্যান্টাগন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ দ্বীপ আজাদ, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, মোহাম্মদ আল মামুন ও নাসিমা আক্তার সোমা। এ সময় ডিএসইসির নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খালিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু গণতান্ত্রিক একটি আন্দোলনকে ৭ই মার্চের ভাষণের পর সশস্ত্র মুক্তিযুদ্ধে পরিণত করেন। পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। কাজেই বঙ্গবন্ধু ও স্বাধীনতা এক এবং অভিন্ন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
