ইউএনএইচআরসি নির্বাচনে বাংলাদেশকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে শ্রীলঙ্কা ---------------- পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০২১, ০০:১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্যপদে পরবর্তী নির্বাচনে কলম্বো বাংলাদেশের পক্ষে ভোট দেবে। সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এই আশ্বাস দিয়েছেন।

গতকাল ঢাকায় সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত্ করার পর ড. মোমেন সাংবাদিকদের বলেন, তিনি (রাজাপক্ষে) বলেছেন, ইউএনএইচআরসি নির্বাচনে তারা অবশ্যই আমাদের পক্ষে ভোট দেবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ২০১৯-২১ মেয়াদে ইউএনএইচআরসি-এর সদস্য এবং ঢাকা আগামী তিন বছরের মেয়াদে আবারও সদস্যপদ নির্বাচনে অংশ নিতে চায়।

হিউম্যান রাইটস কাউন্সিল বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার ও সুরক্ষা জোরদার করার জন্য এবং মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি মোকাবিলায় এবং এসব বিষয়ে সুপারিশ করার জন্য জাতিসংঘ ব্যবস্থার একটি আন্তঃসরকার সংস্থা। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে অবহিত করেন এবং মিয়ানমারের একটি বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে কলম্বোর সক্রিয় সমর্থন কামনা করেন। মোমেন বলেন, তিনি মাহিন্দা রাজাপক্ষেকে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটকে একটি গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে, তার দেশ সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে।

এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত কিছু চুক্তি বাস্তবায়নের বিষয়েও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। মোমেন কোভিড-১৯ মহামারির মধ্যে বাংলাদেশের উদ্যাপন কর্মসূচিতে যোগ দিতে বাংলাদেশ সফরের জন্য রাজাপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্যাপনে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী গতকাল সকালে দুই দিনের সরকারি সফরে ঢাকা এসে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকশ কনটিনজেন্ট শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এরপর মাহিন্দা রাজাপক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।