নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ দশমিক ২ ওভার শেষে ৭৮ রানে ৬ উইকেট হারিয়েছে টাইগার বাহিনী।
কিউই অধিনায়ক টম লাথাম টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। এই ম্যাচ দিয়েই অভিষেক হলো, ঘরোয়া ক্রিকেটে দোর্দন্ড দাপটে প্রতিপক্ষের মূর্তমান ত্রাস হয়ে উঠা তরুণ অফ স্পিনার শেখ মেহেদি হাসানের। তিনি বাংলাদেশের ১৩৫তম ওয়ানডে ক্রিকেটার।
উদ্বোধন করতে এসে ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। নিজের ৩২তম জন্মদিনে ভালো করার ইঙ্গিত দিলেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। দলীয় ১৯ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রানেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। ওয়ানডাউনে নামা নিয়মিত ফর্মহীনে থাকা সৌম্য সরকারও ফেরেন শূন্য রানে।
এরপর লিটন দাশকে নিয়ে ইনিংস লম্বা করতে চেয়েছিলেন মুশফিকুর রহীম। কিন্তু ১৪তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪২ রানের মাথায় জেমস নিশামের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরতে হয় লিটনকে। আউট হওয়ার আগে ৩৬ বলে একটি চারে ১৯ রান করেন লিটন।
অভিজ্ঞ মুশফিকুর রহিম এবার দলের হাল ধরলে কিছুটা স্বস্তি ফেরে টাইগার শিবিরে। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলকে সম্মানজনক সংগ্রহের পথেই রেখেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে না, নামের প্রতি এদিন সুবিচার করতে পারেননি মুশি। দলীয় ৬৯ রানের মাথায় ৪৯ বলে ২৩ রানের ইনিংস খেলে স্লিপে থাকা মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুশি। টাইগার এই ব্যাটসমানের উইকেটটি তুলে নেন জেমস নিশাম।
আর ভাগ্যবিড়ম্বনায় মোহাম্মদ মিথুনকেও মাঠ ছাড়তে হয় ৯ রান করেই। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসা বল স্ট্যাম্পে লাগার আগে বোলারের স্পর্শে আউট হতে হয় মিথুনকে।
আর ১০ বল খেলে ১ রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মেহেদী হাসান মিরাজ।
ইত্তেফাক/এসআই
