বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ৬ সমঝোতা স্মারক সই

আপডেট : ২০ মার্চ ২০২১, ১৬:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুব উন্নয়ন, কৃষি, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ছয়টি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। শনিবার বেলা ১২টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এ সমঝোতা স্বাক্ষর সই হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে জানান, বেলা সাড়ে ১১টায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক সই হয়। 

এর মধ্যে যুব উন্নয়নে সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও শ্রীলঙ্কার পক্ষে রুরাল হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিজ বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিকা আনুরুদ্ধ সই করেন।

বাংলাদেশ আগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (বিএআরসি) এবং শ্রীলঙ্কার কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ পলিসির (এসএলসিএআরপি) মধ্যে সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এবং শ্রীলঙ্কার পক্ষে বাটিক, হ্যান্ডলুম ফেব্রিক অ্যান্ড লোকাল অ্যাপারেল প্রোডাক্টস বিষয়ক প্রতিমন্ত্রী দায়াসিরি জায়াসেকারা সই করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে  মাহিন্দা রাজাপক্ষে। ছবি: ফোকাস বাংলা

 

বাংলাদেশের কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিএ) এবং শ্রীলঙ্কার টারশিয়ারি অ্যান্ড ভোকেশনাল এডুকেশন কমিশনের (টিভিইসি) মধ্যে কারিগরি সহযোগিতা বিনিময়ে একটি সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী জিএল পিরিস।

নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও শ্রীলঙ্কার পক্ষে মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট অ্যান্ড স্টেট এন্টারপ্রাইজ রিফর্মস বিষয়ক প্রতিমন্ত্রী আজিথ নিওয়ারড কাবরাল একটি সমঝোতা স্মারক সই করেন।

 

බංග්ලාදේශ අග්‍රාමාත්‍යතුමිය සමඟ සාකච්ඡාව දෙදින නිල සංචාරයක් සඳහා බංග්ලාදේශය වෙත පැමිණි මම අද (20) අගමැතිනි ෂෙයික් හසීනා...

Posted by Mahinda Rajapaksa on Saturday, March 20, 2021

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং শ্রীলঙ্কার লক্ষণ কাদিরগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। তাতে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং শ্রীলংকার পক্ষে তাদের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী তারক বালসুরিয়া।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদলের সফর বিনিময়ে আরেকটি সমঝোতায় সই করেন সংস্কৃতি বিষয়ক সচিব এম বদরুল আরেফিন এবং শ্রীলংকার প্রধানমন্ত্রীর সচিব গামিনি সেদারা সেনারাথ।
 

এর আগে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাহিন্দা রাজাপক্ষে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকাল পৌনে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শ্রীলঙ্কার প্রধামন্ত্রী। বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবি: ফোকাস বাংলা

পরে সেখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি ফুল গাছের চারা রোপণ করেন।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর তৃতীয় দিনের অনুষ্ঠান শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘মুজিব চিরন্তন’ এ যোগ দেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, তাতে শুক্রবারের অনুষ্ঠানের থিম ছিল ‘যতকাল রবে পদ্মা’।  

ইত্তেফাক/এএএম