‘এক মুজিব’সহ অলির একগুচ্ছ গান

আপডেট : ২১ মার্চ ২০২১, ১১:১৬

লুৎফর হাসানের গাওয়া ‌‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গান দিয়ে আলোচনায় আসেন সোমেশ্বর অলি। এরপর থেকে বহু শ্রোতাপ্রিয় ও প্রশংসিত গান উপহার দিয়ে আসছেন তিনি। নাটকের জন্য নিয়মিত গান লিখে চলেছেন অলি। নতুন বছরে কয়েকটি ফিল্ম ও ওয়েব ফিল্মে পাওয়া যাবে তার লেখা গান।

অলি জানান, চিত্রনায়িকা রোজিনা পরিচালিত অনুদানের ছবি ‘ফিরে দেখা’র শুটিং চলছে। এই ছবিতে তার লেখা ‘সোনার ময়না পাখি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। ২ মার্চ গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন চিত্রনায়ক নিরব ও স্পর্শিয়া।

তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’তে থাকছে অলির লেখা ‘এক মুজিব’ গানটি। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিশেষ এই গানটির সুর-সংগীত করেছেন পিন্টু ঘোষ। তার সাথে যৌথভাবে গেয়েছেন মুত্তাকী হাসিব, সুকণ্যা মজুমদার ঘোষ ও বাসমা কাজী।

এম এ রাহিম পরিচালিত সিয়াম-পূজা অভিনীত ‘শান’ ছবিতে থাকছে বলিউডের গায়িকা শালমালি খোলগাড়ের গাওয়া একটি গান। অলির কথায় এতে সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। ‘সত্তা’র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল পরিচালিত নতুন ছবিতে থাকবে তার লেখা গান। একটি গান থাকছে সাইফ চন্দনের 'ওস্তাদ' ছবিতেও।

জি ফাইভের ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’তে জুটি বেঁধেছেন অপূর্ব ও নুসরাত ফারিয়া। এতে অলির লেখা গানের সুর-সংগীত করেছেন কলকাতার অম্লান। গেয়েছেন ইশান ও নুসরাত ফারিয়া।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত একটি ওয়েব ফিল্মে থাকছে অলির লেখা দুটি গান। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এরই মধ্যে শেষ হয়েছে গানগুলোর শুটিংয়ের কাজ। অচিরেই ছবিটির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সোমেশ্বর অলির লেখা জনপ্রিয় গানের তালিকায় উল্লেখযোগ্য- ‌মিফতাহ জামানের ‘তাই তোমার খেয়াল’, ‌মাহতিম শাকিবের ‘বুকের বাঁ পাশে’, ‌‘না থাকা জুড়ে’, ‘মুঠোর ভেতর তুমি নেই’, লুৎফর হাসানের ‘আমার আকাশ পুরোটাই’, ‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’, ‘‌খরচাপাতির গান’, ঐশীর ‘মায়া’, তানজীব সারোয়ারের ‘‌ভেজা ভেজা চোখ’, ‘বোহেমিয়ান’, তাহসান-পূজার ‘একটাই তুমি’, ‌সুমন কল্যাণের ‘ছাতার কারিগর’, ‘সুইসাইড নোট’, বেলাল খানের ‘দোযখ’, ‘দোলার জোছনা’, ইমরান ও কনার ‘‌শূন্য থেকে আসে প্রেম’, তাহসিনের ‘মন ভালো হয়ে যায়’, ‘সান্ত্বনা’, ‘নরকবাস’, ‘তুমি আমারই’, জয় শাহরিয়ারের ‘আমি নেই’, পথিক নবীর ‘জোড়া শালিক’, কুদ্দুস বয়াতী-প্রীতম হাসানের ‘আসো মামা হে’ প্রভৃতি।

ইত্তেফাক/বিএএফ