এই সময়ের ছড়া

তেউল্লাচোরা

আপডেট : ২০ মার্চ ২০২১, ২০:৪৩

খালেদ হোসাইন

 

তেল চকচক—তাই বলে কি

নামটা তেলাপোকা?

এমন যারা ভাবে তারা

সত্যিকারের বোকা।

 

ছোট্টবেলায় জেনেছিলাম

কী সাংঘাতিক ওরা

চুরি করে তেল খেত তাই

নাম তেউল্লাচোরা।

 

এখন দেখি ওদের নামের

বিরাট বড় ঝোলা

আরো অনেক কীর্তি করে

নাম নিল আরশোলা!

 

নামের বদল হতেই পারে

স্বভাব তো সেই একই
চারপাশে তাকালে অনেক

তেউল্লাচোরা দেখি।