ক্রিকেটকে বিদায় বলে দিলেন আয়ারল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান গ্যারি উইলসন। টুইট করে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ক্যাপ, কেডস, সুয়েটার দেয়ালে ঝুলিয়ে রাখার ছবি দিয়ে উইলসন লিখেছেন, ‘সময় চলে এসেছে। অনেক ধন্যবাদ, অনেক স্মৃতি।’ কোচিংকে চাকরি ধরতেই পেশাদার ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসরে গিয়েছেন উইলসন। আন্তঃরাজ্য টুর্নামেন্টে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের হেড কোচের চাকরি পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের জার্সিতে তিন ফরম্যাটে ১৮৮টি ম্যাচ খেলেছেন উইলসন। এছাড়া ইন্টার কন্টিনেন্টাল কাপেও দেশের হয়ে ১০৪টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সি এ আইরিশ ক্রিকেটার। ক্যারিয়ার জুড়ে নেইল ও’ব্রায়েন, লরকান টাকারের সঙ্গে প্রতিযোগিতা করেই খেলতে হয়েছে উইলসনকে। আয়ারল্যান্ডের হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ, পাঁচটি টি-২০ বিশ্বকাপ খেলেছেন তিনি। ২০১৯ সালে টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে দেশের নেতৃত্বও দিয়েছেন। উইলসন বলেছেন, ‘১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানো, আমি খুব মিস করব। সতীর্থদের সবচেয়ে বেশি মিস করব। বেড়ে উঠার সময় থেকে স্বপ্ন ছিল আয়ারল্যান্ডের হয়ে খেলব।’
