রাণীনগরে রাস্তাকে পাড় বানিয়ে পুকুর খনন!

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৪৬

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে পুকুর খননের জন্য সরকারি রাস্তাকে পাড় বানানোর অভিযোগ উঠেছে। উপজেলার নিজামপুর গ্রামের সরকারি ঐ রাস্তাটি পাড় বানিয়ে পুরাতন পুকুর পুনঃখনন করছেন একই গ্রামের কয়েক জন। জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের সরকারি পাকা রাস্তার ধারে প্রায় তিন বিঘার একটি পুরাতন পুকুর আছে। ঐ পুকুরের কারণে গত বছর সরকারি রাস্তা ধসে যাওয়ায় রাস্তা রক্ষার্থে প্যালাসাইডিং-এর কাজ করা হয়। হঠাত্ করে গত কয়েক দিন আগে থেকে ঐ পুরাতন পুকুর পুনঃখনন কাজ শুরু করা হয়েছে। সেখানে রাস্তা থেকে প্রায় ২৫ ফুট গভীর করে পুকুরটি খনন কাজ করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, যেভাবে সরকারি রাস্তা পাড় বানিয়ে পুকুরটি পুনঃখনন করা হচ্ছে, এতে যেকোনো সময় বৃষ্টি হলে এবং পুকুরে পানি দিয়ে মাছ চাষ শুরু করা হলে প্যালাসাইডিং নষ্ট হয়ে রাস্তাটি বিলীন হয়ে যেতে পারে। জানা গেছে, ঐ রাস্তাটি দিয়ে কুবরাতলী, নিজামপুর, কোঁচপাড়া, দিঘীপাড়া, গোনাসহ পাঁচ-সাতটি গ্রামের মানুষ প্রতিনিয়ত চলাচল করে। রাস্তাকে পাড় বানিয়ে পুকুর পুনঃখনন করার বিষয়ে জানতে চাইলে পুকুরের অংশীদার মালিক বিকাশ চন্দ্র বলেন, ‘আমি গ্রামে থাকি না, বাইরে ব্যবসা করি। আমাদের পুরাতন পুকুরটি সংস্কারের জন্য গুলবর নামের এক এক্সকাভেটর (ভেকু) ব্যবসায়ীকে কনট্রাক দিয়েছি।’ খননকারী ভেকু ব্যবসায়ী গুলবরের কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মির্জা ইমাম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। সবেমাত্র জানলাম। যদি কেউ সরকারি রাস্তাকে পুকুরের জন্য পাড় বানিয়ে খনন করে থাকে, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’