স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরীতে মুক্তা পানিসহ বিভিন্ন ভুয়া কোম্পানির এজেন্ট নিয়োগ ও চাকরি দেওয়ার নামে ৪ কোটির অধিক টাকা আত্মসাত্কারী চক্রের হোতা তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তকী ইবনু মিনান। তিনি বলেন, গত বছরের অক্টোবর মাসে নগরীর ইসলামবাগে অফিস ভাড়া নিয়ে মুক্তা পানি ও টিএমএফ (তরিকুল, মোতালেব, ফিরোজ) ট্রেডার্স লিমিটেড নামের ভুয়া কোম্পানিতে এজেন্ট নিয়োগের জন্য বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর রংপুরের সাত জেলার পাঁচ শতাধিক ব্যক্তি আবেদন করলে প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা আদায় করে। এরপর এজেন্টদের মালামাল সরবরাহ না করে অফিস বন্ধ করে দিয়ে সটকে পড়ে প্রতারক চক্র। পরে জানুয়ারিতে মহানগর কোতোয়ালি থানায় প্রতারণার শিকার ভুক্তভোগীরা মামলা দায়ের করলে সেটি মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। শুক্রবার উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় মহানগর গোয়েন্দার একটি দল বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজার থেকে হোতা তরিকুলকে গ্রেফতার করে।
