ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় নসিমনের দুই যাত্রীর মৃত্যু

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৪৮

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ভাঙ্গা উপজেলার পৌরসদরের নওপাড়া নামক স্থানে শনিবার দুপুরে ট্রেনের ধাক্কায় নসিমনের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুই জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতরা হলো শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের সোহেল ও রফিক। রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক তপন কুমার জানান, রাজশাহী হতে ভাঙ্গাগামী মধুমতি ট্রেনটি ভাঙ্গা রেল স্টেশনে প্রবেশ করার ৫০০ মিটার আগে নওপাড়া ফিডার সড়কের ক্রসিং অতিক্রম করছিল। ট্রেনটি ক্রসিং পাড় হওয়ার সময় কাঠভর্তি একটি নসিমন রেল রাস্তা অতিক্রম করতে চেষ্টা করে। এতে করে দ্রুতগতির ট্রেনের সঙ্গে নসিমনটির ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটে।