চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবক মো. মোবারক গাজী উপজেলার আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের মো. গনি গাজীর ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভিঙ্গুলিয়া গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো চার জন। আহত মহিন ভুঁইয়ার বাবা শাহজাহান ভুঁইয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাবাজার এলাকায় রাস্তার পাশে দুই জন গাঁজা সেবন করছিল। মহিন খান তাদের মাদক সেবন থেকে বিরত থাকা এবং ঐ স্থান ত্যাগ করার জন্য বলেন। এ নিয়ে পরদিন সন্ধ্যায় মহিন খান, মহিন ভুঁইয়া ও রাজু আহমেদ বাংলাবাজারের দিকে যাওয়ার সময় দেশীয় অস্ত্র নিয়ে ওত পেতে থাকা মাদকসেবীরা তাদের ওপর হামলা করে। দুই পক্ষকে শান্ত করার জন্য মোবারকসহ আহতরা এগিয়ে এলে প্রথমে মোবারকের মাথা, কান ও গলায় কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবর রহমান মোল্লা বলেন, পূর্বের ঘটনার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
