লোহাগড়ায় সংঘর্ষে আহত ১০

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৪৯

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ায় শনিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার জয়পুর ইউনিয়নের চাচইধানাইড় গ্রামের হোসেন শেখের সঙ্গে তার বড় ভাই মৃত আবুল হোসেনের স্ত্রী ঝর্না বেগম ও তার সন্তানদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঐদিন বিবদমান জমির সীমানা নির্ধারণের সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।