বগুড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৪৯

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার শেরপুরে সাবিনা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ উপজেলার সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজনরা জানান, ৯ মাস আগে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে শফিকুল ইসলাম শফির সঙ্গে সাবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। শুক্রবার বিকালে তাদের মধ্যে বাগিবতণ্ডা হয়। সাবিনাকে তার স্বামী মারধরও করেন। রাতে দেবর রেজাউলের ঘরের তীরের সঙ্গে গলায় রশি লাগানো সাবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর মাটিতে নামিয়ে ঘরে লাশ ফেলে স্বামী ও স্বজনরা পালিয়ে যায়।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আইন অনুুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।