কুমিল্লা জিলা স্কুলের এসএসসি ২০০২ ব্যাচের পুনর্মিলনী

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৫০

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জিলা স্কুল থেকে ২০০২ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা শুক্রবার স্কুল প্রাঙ্গণে মেতেছিল উত্সবে। স্মৃতির টানে আবারও এক হতে স্কুলের সবুজ আঙিনায় ফিরেছিল দেড় শতাধিক বন্ধু। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সহপাঠীরা পুনর্মিলনীর দিনব্যাপী আয়োজনে অংশ নিতে সকাল থেকেই সমবেত হতে থাকে বিদ্যালয় প্রাঙ্গণে। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে কুশল বিনিময় ও আড্ডায় মেতে উঠে একেকজন। আনন্দঘন বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে স্কুল ক্যাম্পাসের শহিদ আবু জাহিদ মিলনায়তনে শিক্ষার্থীদের পুনর্মিলনীর আলোচনাসভা হয়। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম। মিলনমেলা উপলক্ষ্যে আলোচনাসভা, স্মৃতিচারণমূলক আড্ডা, খেলাধুলা ও সাংস্কৃতিকসহ নানা অনুষ্ঠানে ২০০২ ব্যাচের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক অভূতপূর্ব প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।