চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজারপাড়া এলাকায় গুমানীর খাল থেকে পুলিশ গতকাল শনিবার দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তি হলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা গ্রামের কুরবান আলীর ছেলে পলাশ হোসেন (৪০)। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে। আটক রোজিনা খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ী গ্রামের মৃত হাফিজুর রহমানের স্ত্রী।
নিহতের শ্বশুর আ. মুতালেব জানান, প্রায় তিন বছর আগে পলাশ তার মেয়ে মৌসুমী খাতুনকে বিয়ে করেন। তার মেয়ে পলাশের দ্বিতীয় স্ত্রী। পলাশও তার মেয়ের দ্বিতীয় স্বামী। বিয়ের পর সমাজেই থাকতেন এবং মিনি ট্রাকসহ ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাতেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তিনি জানেন না।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মেয়েলি ঘটনাকে কেন্দ্র করেই পলাশকে হত্যা করা হয়েছে। তার শরীরে অসংখ্য কাটা দাগ রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে। প্রাথমিক তদন্তে ও আটক রোজিনাকে জিজ্ঞাসাবাদে কিছু ক্লু মিলেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
