ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রমৈত্রী জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বাংলাদেশ ছাত্রমৈত্রী জেলা কমিটির সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানিউর রহমান সানির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও জেলা যুবমৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।
প্রতিবন্ধী শিক্ষক সমিতির জেলা কমিটি গঠন
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবন্ধী শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহাবুব আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষক মো. সাইফুল ইসলাম, ফিরোজ হোসেন প্রমুখ। শেষে উপস্থিত শিক্ষকদের সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মহাসড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনা-কেন্দুয়া-আঠারবাড়ি-ঈশ্বরগঞ্জ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নেত্রকোনা-কেন্দুয়া অংশের আট কিলোমিটার মহাসড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ঐ সড়কের বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম।
কার্নিভাল ও দীক্ষাদান উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে অঞ্চল পর্যায়ে কার্নিভাল ও দীক্ষাদান অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। গতকল শনিবার সকালে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ফেরদৌস। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপপরিচালক নিভা রানী পাঠক এতে সভাপতিত্ব করেন।
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আমাদের প্রাপ্তি’ শীর্ষক মতবিনিময়
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা আগামী ২৬শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের লক্ষ্যে শনিবার পাইকগাছায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আমাদের প্রাপ্তি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছার কপিলমুনি কলেজ মিলায়নতনে অনুষ্ঠিত সভায় কলেজ অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে সব রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
মুজিববর্ষ সেরাকণ্ঠ প্রতিযোগিতা শুরু
জয়পুরহাট প্রতিনিধি মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে জয়পুরহাটে শনিবার শুরু হয়েছে মুজিববর্ষ সেরাকণ্ঠ প্রতিযেগিতা। জেলা পরিষদের সহযোগিতায় স্থানীয় বাউল সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জেলার আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মুজিববর্ষ সেরাকণ্ঠ প্রতিযোগিতা উদ্বোধন করেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী। এরপর ২১ মার্চ ক্ষেতলালে, ২২ মার্চ কালাইয়ে, ২৩ মার্চ পাঁচবিবিতে এবং ২৪ মার্চ সদর উপজেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ের বাছাই করা প্রতিযোগীদের নিয়ে ২৭ মার্চ জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৮ মার্চ সমাপনী অনুষ্ঠানে সেরাকণ্ঠ বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
মত্স্যজীবীদের মধ্যে চাল বিতরণ
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা চৌহালীতে যমুনায় মাছ আহরণের সঙ্গে জড়িত মত্স্যজীবীদের মধ্যে গতকাল শনিবার সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। জাটকা ধরা বন্ধের সময় আহরণে বিরত থাকা উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের ৩৪ জন জেলের মধ্যে ৪০ কেজি হারে (ফেব্রুয়ারি-মার্চ) দুই মাসে মোট ৮০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন। এ সময় সহকারী মত্স্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জীবননগরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন তথ্য কমিশনের উপপরিচালক তারিকুল আলম। প্রশিক্ষণ কর্মশালা শেষে বিকেলে তথ্য অধিকার আইন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন এতে সভাপতিত্ব করেন।
০
