ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে একটি বিস্ফোরকবাহী ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে তারা। শনিবার এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরের দিকে লক্ষ্য করে ড্রোনটি ছোড়া হয়েছিল। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। তখন থেকে ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। অবশ্য, ছয় বছর ধরে চলমান এ সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ছায়াযুদ্ধ হিসেবে দেখা হয়। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্র্রতি সৌদি আরবে হামলা জোরদার করেছে। তারা জানিয়েছে, ইয়েমেনে সৌদিদের আগ্রাসন যতদিন থাকবে ততদিন হামলা অব্যাহত রাখা হবে।
শনিবার সৌদি জোটের বিবৃতিতে বলা হয়, ‘খামিশ মুশাইত শহরের দিকে (সৌদি আরবের দক্ষিণাঞ্চল) লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের ছোড়া একটি চালকবিহীন বিস্ফোরক ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে জোট বাহিনী।’
