‘রেইনবো পেইন্টস’ এ পৃথিবীর দীর্ঘতম সড়ক আলপনা গাইবান্ধায়

আপডেট : ২০ মার্চ ২০২১, ২২:২০

 ‘দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ; রেকর্ড করবে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ আলপনা আঁকা হয়েছে। আরএফএল গ্রুপের রঙের ব্র্যান্ড রেইনবো পেইন্টসের সহযোগিতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এই উত্সবের আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে এই আলপনা আঁকা শুরু হয়ে প্রায় ২২ ঘণ্টায় এই আলপনা উত্সব শেষ হয়। এ উত্সবে প্রায় ৬ হাজার লিটার রং সরবরাহ করে রেইনবো পেইন্টস। প্রায় ১ হাজার শিক্ষার্থী এই আলপনা অঙ্কনে অংশ নিয়েছে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এই আলপনা অঙ্কন বিশ্বে নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি রেইনবো পেইন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, পৃথিবীর দীর্ঘতম এই আলপনা উত্সবে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে রেইনবো পেইন্টস সহযোগিতা করবে। অনুষ্ঠানে রেইনবো পেইন্টসের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, পুসাগ-এর ছাত্রছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই দেশের দীর্ঘতম আলপনা আঁকার উদ্যোগ নেওয়া হয়। —প্রেস বিজ্ঞপ্তি