ইত্তেফাক রিপোর্ট
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, তার জ্বর কমেনি থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে। কাশিও রয়েছে। এ ছাড়া তিনি খাবারও খেতে পারছেন না। রিজভীর আশু রোগমুক্তি কামনায় তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত বুধবার তার করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে। পরে বৃহস্পতিবার উন্নত চিকিত্সার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রিজভী অসুস্থ থাকায় বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কাজ পরিচালনার জন্য দলটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে।
