গাইবান্ধায় ১৫ বছর আগে বন্যায় ভেঙে যাওয়া সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ মার্চ ২০২১, ২২:২৮

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় ১৫ বছর আগে বন্যায় ভেঙে যাওয়া মানস নদীর একটি সেতু নির্মাণের দাবিতে শনিবার মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার-কালিরবাজার সড়কের কালিরবাজার এলাকায় ভেঙে যাওয়া সেতুর স্থলে এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোর নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, এলাকাবাসী—জাহাঙ্গীর মাস্টার, জাহাঙ্গীর মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন এলজিইডির নির্মিত সেতুটি বিগত ২০০৫ সালের বন্যার পানির তোড়ে ভেসে যায়। কিন্তু সেখানে আজও নতুন কোনো সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সেতু নির্মাণ না করা হলে প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও বক্তারা হুঁশিয়ারি দেন। গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা জানান, সেতুটি নির্মাণের জন্য ঢাকায় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলেই নির্মাণকাজ শুরু করা হবে।