সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডের টম্যাটো এখন বিদেশে রপ্তানি হলেও কৃষকরা ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশার দিন গুনছে। বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, কুমিরা, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, মুরাদপুর, পৌরসভা মহোন্তর হাট, বারৈয়াঢালা, সৈয়দপুরসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা এবার টম্যাটো চাষ যত্ন সহকারে করার কারণে বাম্পার ফলন হয়। কিন্তু টম্যাটো চাষ করতে সবকিছু মিলয়ে যে খরচ হয়, সেই পরিমাণ খরচের লাভ পাওয়া তো দূরের কথা আসল উঠে কি না তা নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় আছে। কারণ হাটের দিন কৃষকরা তাদের উত্পাদিত টম্যাটো খেত থেকে তুলে আনলেও পাইকারদের কাছ ন্যায্যমূল্যে বিক্রি হয় না। অথচ পাইকাররা প্রান্তিক কৃষকদের কাছ থেকে নামমাত্র প্রতি কেজি পাঁচ-সাত টাকা দরে ক্রয় করে চড়া দামে বড় বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে আঙুল ফুলে কলা গাছ বনে যায়। এই পাইকাররা প্রতি কেজি টম্যাটো ৬০/৭০ টাকা বিক্রি করে। এমনকি পাইকাররা এই টম্যাটো বিদেশেও রপ্তানি করে প্রচুর রেমিট্যান্স আয় করে।
