আমরাও ট্রেন চাই

আপডেট : ২০ মার্চ ২০২১, ২২:৩৫

দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহ আধুনিক নাগরিকসেবা নিশ্চিতকরণে খানিকটা অনগ্রসর। উন্নয়নের অগ্রযাত্রায় শহরের সরু রাস্তাগুলো সবচেয়ে বড় অন্তরায়। ফলে যানজট এখানে নিত্যসঙ্গী। তাই যাতায়াতের জন্য রেলপথ মানুষের প্রথম পছন্দ। রাজধানী ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেলযোগাযোগ থাকলেও দীর্ঘদিন ধরে ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গ ও পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি ট্রেন না থাকায় বাধ্য হয়ে মানুষ বাসে চলাচল করছে। এই পথে যাতায়াত করা যাত্রীদের একটা বড় অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সড়কের নাজুক অবস্থার কারণে প্রায় সময়ই যানজটের সম্মুখীন হতে হয়, সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে যাওয়া-আসা করা যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সর্বসাধারণের কথা চিন্তা করে ময়মনসিংহ থেকে দেশের উত্তরবঙ্গ ও পূর্বাঞ্চলগামী সরাসরি ট্রেন চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. ইফতে খারুল ইসলাম

শিক্ষার্থী,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ