টিকা নেওয়ার দুই দিন পর করোনায় আক্রান্ত ইমরান খান

আপডেট : ২০ মার্চ ২০২১, ২৩:০৩

ইত্তেফাক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি এর দুই দিন আগে কোভিড-১৯-এর টিকা নিয়েছিলেন। বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান গতকাল শনিবার টুইটারে এ তথ্য জানান। তবে স্বাস্থ্যমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার বিস্তারিত জানাননি। গত বৃহস্পতিবার চীনের তৈরি সিনোফার্ম ভ্যাকসিন নিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী।

গত কয়েক দিনে ইমরান খানের সংস্পর্শে আসা লোকজনকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা মহামারির মধ্যেও ইমরান খান (৬৮)    প্রতিনিয়ত বৈঠক এবং লোকজনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সম্প্রতি রাজধানী ইসলামাবাদে তিনি নিরাপত্তাবিষয়ক একটি সম্মেলনে যোগ দেন। সেখানে অনেক মানুষ অংশ নিয়েছিল। তিনি ঐ সম্মেলনে মাস্ক ছাড়াই ভাষণ দিয়েছেন। এরপর শুক্রবার একটি হাউজিং প্রজেক্টের উদ্বোধনে অংশ নেন তিনি। সেখানেও তাকে একইভাবে দেখা গেছে।

পাকিস্তানে বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে। দেশটিতে এ পর্যন্ত ৬ লাখ ২৩ হাজার ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ হাজার ৭৯৯ জন। দেশটিতে চলতি মাসের শুরু থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যুক্তরাজ্যের করোনা ভাইরাসের নতুন ধরনের কারণে এই ঢেউ বৃদ্ধি পেয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন।