গোয়ালন্দে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আপডেট : ২০ মার্চ ২০২১, ২৩:০৫

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডলকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ঘোনাপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় সভা শেষে মোটরসাইকেলে করে দৌলতদিয়া বেপারি পাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ঘোনাপাড়া সড়কে পৌঁছলে দুর্বৃত্তরা অতর্কিত তার ওপর সশস্ত্র হামলা চালায়। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় এলাকার কোথাও বিদ্যুত্ ছিল না। এ সময় চেয়ারম্যানের       চিত্কারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশকে জানালে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক মৌসুমী আক্তার জানান, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কোপের জখম রয়েছে। প্রাথমিক চিকিত্সা দিয়ে তাকে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আহত অবস্থায় কাওছার ফকির ও রিমন ফকির নামে দুই জনকে হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, কি কারণে এমন ঘটনা ঘটেছে এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।