মোদির সফরে ভারতীয় কর্মকর্তারা মুজিব কোট পরবেন

আপডেট : ২০ মার্চ ২০২১, ২৩:০৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে তার সঙ্গী উচ্চপদস্থ কর্মকর্তারা ঐতিহ্যবাহী মুজিবকোট পরিধান করবেন। ভারতের বিখ্যাত খাদি কাপড় দিয়ে এসব মুজিব কোট বানিয়েছে দেশটির খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (কেভিআইসি)।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  সফরের আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ১০০টি মুজিবকোট তৈরির অর্ডার দেয়। এই মুজিবকোট বঙ্গবন্ধুর ‘প্রতীকী পোশাক’ হিসেবে খ্যাত।  ইতিমধ্যে কেভিআইসি ১০০টি মুজিবকোট সরবরাহ করেছে। বিশেষভাবে নকশাকৃত মুজিবকোটগুলো উচ্চমানের পলি খাদি কাপড় দিয়ে তৈরি। কালো রঙের মুজিবকোটগুলোতে             ছয়টি বোতাম এবং নিচের দিকে সামনে দুটি পকেট রয়েছে। এছাড়া বুকের বামপাশে একটি পকেট রয়েছে যেমনটা বঙ্গবন্ধু পরিধান করতেন। কোটগুলোর কভার বানানো হয়েছে পরিবেশবান্ধব খাদি কাপড়েই। এগুলো বহন করা হবে—বিশেষ নকশার প্লাস্টিক-মিশ্রিত হাতে তৈরি কাগজের ব্যাগে। এগুলো জয়পুরের কেভিআইসির কুমারাপ্পা ন্যাশনাল হ্যান্ডমেড পেপার ইনস্টিটিউটে বানানো।

কেভিআইসি চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা বলেন, মুজিবকোট বাংলাদেশে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এটি আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে, খাদি কাপড়ে তৈরি মুজিবকোটগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় পরিধান করা হবে। প্রধানমন্ত্রী মোদি খাদি কাপড়ের অন্যতম প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 

সাক্সেনা আরো বলেন, বাংলাদেশে মুজিবকোট ব্যাপক জনপ্রিয় একটি পোশাক। বয়স্ক প্রজন্মের জন্য এই কোট মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতাদর্শের প্রতীক। এছাড়া তরুণ রাজনীতিকদের মধ্যে এই মুজিবকোটের জনপ্রিয়তা রয়েছে।