বঙ্গবন্ধুর নামে দোয়া করায় চাকরি গেল ইমামের!

আপডেট : ২০ মার্চ ২০২১, ২৩:০৬

জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গত শুক্রবার জুমার নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দোয়া করায় চাকরি গেল এক মসজিদের ইমামের। ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘির তালশন দক্ষিণপাড়া জামে মসজিদে। এটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

চাকরিচ্যুত ইমাম মাওলানা মো. সাদ্দাম হোসেন জানান, সরকারি নির্দেশ মোতাবেক গত শুক্রবার জুমার ফরজ নামাজ শেষে তিনি বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। কিন্তু সব মুসুল্লি মসজিদ ত্যাগ করার পর ঐ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুস ছাত্তার সরকার তাকে চাকরিচ্যুত করেন এবং মসজিদে আসতে নিষেধ করে দেন। 

এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধুর নামে সারা দেশে সব মসজিদে মসজিদে দোয়া হয়েছে। তালশন দক্ষিণপাড়া জামে মসজিদে দোয়া করার কারণে ইমামকে চাকরিচ্যুত করায় ঐ মসজিদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

এ ব্যাপারে জানতে চাইলে মসজিদ কমিটির সভাপতি শফি আহম্মেদ ইত্তেফাককে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি অসুস্থতার কারণে ঢাকায় আছি।’ বিষয়টি নিয়ে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তারের সঙ্গে মোবাইল ফোনে এই প্রতিবেদকের কথা হয়। তবে অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।