ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, কোয়ারেন্টাইন-ক্যাম্প মিলে এবার নিউজিল্যান্ড সফরে প্রস্তুতি দারুণ হয়েছে। কিন্তু মাঠে এসবের ছিটেফোঁটাও দেখা গেল না। প্রস্তুতি নিয়ে অধিনায়কের আত্মবিশ্বাস হারিয়ে গেল গতকালের ব্যাটিং ব্যর্থতার আড়ালে। ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় কেন উইলিয়ামসন, রস টেলরদের ছাড়া খেলতে নামা নিউজিল্যান্ডের কাছে একপ্রকার পাত্তাই পায়নি বাংলাদেশ দল। ডানেডিনে গতকাল অতীতের মতোই অসহায় আত্মসমর্পণে বড় হার হজম করেছে তামিম ইকবালের দল।সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামী ২৩ মার্চ ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
ইউনিভার্সিটি ওভালে টসে হেরে ব্যাট করা বাংলাদেশ ৪১.৫ ওভারে ১৩১ রানে অলআউট হয়। ইনিংসের শুরুতে বোল্টকে ছক্কা মেরে তামিম বড় কিছুর আশা জাগিয়েছিলেন। কিন্তু ক্ষণিক পরই সেই আশা তিমিরে হারায়। বোল্টের বলে এলবির ফাঁদে পড়ে সবার আগে সাজঘরে ফেরা অধিনায়ক করেন ১৩ রান। তারপরই ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। ভালো শুরু পেয়েছিলেন অনেকেই, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। লিটন ১৯, মুশফিক ২৩, মাহমুদউল্লাহ ২৭, অভিষিক্ত মেহেদী হাসান ১৪, তাসকিন ১০ রান করেন। নিউজিল্যান্ডের বোল্ট ২৭ রানে ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন। নিশাম-স্যান্টনার নেন ২টি করে উইকেট।
বাংলাদেশের দেওয়া ছোট্ট টার্গেট পাড়ি দিতে সময় নেয়নি নিউজিল্যান্ড। মাত্র ২১.২ ওভারে ২ উইকেটেই ১৩২ রান তুলে ম্যাচ জিতে নেয় ব্ল্যাক ক্যাপসরা। গাপটিল ৩৮, কনওয়ে ২৭ রানে আউট হলেও নিকলস ৪৯ এবং ইয়াং ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাসকিন, হাসান মাহমুদ ১টি করে উইকেট নেন।
