জুড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২০ মার্চ ২০২১, ২৩:১১

জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার ভোরে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের পিলার নম্বর ১৮২২ এলাকা থেকে বাপ্পার মরদেহ পাওয়া যায়। বাপ্পা ঐ ইউনিয়নের রাঘনা বটুলী গ্রামের আব্দুর রউফের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পা গত শুক্রবার সন্ধ্যায় নিজের গৃহপালিত একটি হারিয়ে যাওয়া গরুর খোঁজ করতে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তার না ফেরায় স্বজনরা সব স্থানে খোঁজ নেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল সকালে স্বজনরা স্থানীয়ভাবে খবর পান ভারত সীমান্তের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাপ্পা নিহত হয়েছেন। বাপ্পার সম্বন্ধি সাইফুল ইসলাম নিহতের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।

স্থানীয় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, ‘বিএসএফের গুলিতে আমার ইউনিয়নের একজন নিহত হওয়ার খবর শুনেছি।’

এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকী জানান, সীমান্তে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে শুনেছি। নিহত ব্যক্তি বাংলাদেশি কি-না এখনো নিশ্চিত হতে পারেননি। তারা পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নিবেন।