টিকা নেওয়ার পর এবার ঢাবি প্রক্টর করোনায় আক্রান্ত

আপডেট : ২০ মার্চ ২০২১, ২৩:১১

প্রথম ডোজ টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এবার টিকার প্রথম ডোজ নেওয়ার দুই সপ্তাহ পরে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। একই সঙ্গে আরো দুই সহকারী প্রক্টর করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। শনিবার বিকালে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী আক্রান্ত হওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত অন্য দুই সহকারী প্রক্টর হলেন এ বি এম আশরাফুজ্জামান (আইন অনুষদ) ও আহসান বাবু (সামাজিক বিজ্ঞান অনুষদ)। আক্রান্ত শিক্ষকরা সবাই করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

এই বিষয়ে অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, গত ১৮ মার্চ আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তেমন কোনো শারীরিক জটিলতা নেই। শুধু হাল্কা জ্বর আছে।