এসআই স্বামী-এএসপি স্ত্রীর ছবি ভাইরাল

আপডেট : ২০ মার্চ ২০২১, ২৩:৫৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশ কর্মকর্তা দম্পতির ছবি ভাইরাল হয়েছে। ছবি ভাইরাল হওয়ার পর তাদের প্রশংসায় সবাই পঞ্চমুখ। সবাই তাদের সাধুবাদ জানিয়েছে। এই ছবিতে সাধারণ মানুষের মন্তব্য নারীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়িয়ে দিয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ জিতু ও তার স্ত্রী পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ঊর্মি দেবের ছবি তাদের ফেসবুকে পোস্ট করেন। ঐ পোস্টে উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ জিতু লিখেন, ‘পুলিশিং পেশার ব্যাপারে যাদের একটু ধারণা আছে তারা বলতে পারবেন অবস্থানগত দিক থেকে আমার সহধর্মিণীর অবস্থান আমার থেকে কতটা ওপরে। না, আমাদের বিয়ের পর আমাদের কারো চাকরি হয়নি। আমার আর আমার সহধর্মিণীর অবস্থানের এই আকাশ-পাতাল পার্থক্যের তোয়াক্কা না করে এই দেবীতুল্য মানুষটা আমাকে আপন করে নিয়েছিলেন।

যখন অহরহ পোস্ট দেখি মেয়েরা লোভী হয়, মেয়েরা বিসিএস স্বামী খুঁজে পেলে সব ছাড়তে পারে, মেয়েরা টাকা আর অবস্থান ছাড়া আর কিছু বোঝে না আমার তখন খুব হাসি পায় মায়ের জাত নিয়ে কী আমাদের চিন্তাধারা এটা ভেবে।

এক জন বিসিএস কর্মকর্তা যে কিনা আমার মতো এক জন সামান্য মানুষকে এতটা আপন করে নিয়েছেন তিনিও তো এক জন মেয়ে।’

খোঁজ নিয়ে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ জিতু ও তার স্ত্রী পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ঊর্মি দেব দম্পতির বিয়ে হয়েছে ২০২০ সালের ৩০ নভেম্বর। নিজেদের পছন্দ হলেও তাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে।

এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ জিতু জানান, আগে থেকেই পরিচয় ছিল এএসপি ঊর্মি দেবের সঙ্গে। ২০২০ সালের ২৮ জানুয়ারি এসআই পদে উজ্জ্বল ঘোষ জিতুর পুলিশের চাকরি নিশ্চিত হয়। এরই মধ্যে দুই জনের মাঝে মাঝে আলাপ-আলোচনা হয়। এক পর্যায়ে একে অন্যকে পছন্দ করেন। বিষয়টি যার যার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা আলাপের পর ২০২০ সালের ৩০ নভেম্বর আনুষ্ঠানিক বিয়ে হয়।

তিনি বলেন, অন্যান্য পোস্টের মতো ফেসবুকে পোস্টটি দিয়েছিলাম। পোস্টটি এভাবে ভাইরাল হবে আমি বুঝতে পারিনি। তবে বিষয়টি মানুষ পজিটিভলি নিয়েছে। আমরা ব্যক্তিগত জীবনে অনেক সুখী। আমার স্ত্রীও খুব ভালো মানুষ। তার সত্যতার কোনো কমতি নেই। আমার মতো এক জন নগণ্য মানুষকে বিয়ে করে বুঝিয়ে দিয়েছেন তিনি আসলেই কতটা নির্লোভ ও নিরহংকার।

এ বিষয়ে উপ-পরিদর্শক উজ্জ্বল ঘোষের নববধূ আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ঊর্মি দেব বলেন, ছবিটি সে (স্বামী) আমার অফিসে এসে তুলেছিল। ছবির বিষয়ে আমার আত্মীয়স্বজন ও সহকর্মীরা ফোন করে জানিয়েছেন। তিনি বলেন, আমার স্বামীর সঙ্গে চাকরিতে যোগদান করার পর পরিচয়। কর্মজীবন আর ব্যক্তিগত জীবন আলাদাভাবে চালাতে হয়। যেন একটির কারণে আরেকটি ক্ষতিগ্রস্ত না হয়। একই পেশায় দুই জন থাকলে ভালো হয়, এক জন আরেক জনেরটা সহজে বুঝতে পারেন। এক প্রশ্নের জবাবে এএসপি ঊর্মি দেব বলেন, আমরা যখন বিয়ে করি তখন দুই জনই চাকরিজীবী। আমরা বুঝেশুনেই বিয়েতে সম্মত হয়েছি। তাই আমাদের কোনো সমস্যা হবে না বলে প্রত্যাশা করছি। তার পরও প্রতিটি দম্পতির ব্যক্তিগত কিছু সমস্যা হতে পারে। তখন আমরা দুই জন আলোচনার মাধ্যমে তা সমাধান করার চেষ্টা চালিয়ে যাব।