নিউ ইয়র্ক গভর্নরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ২১ মার্চ ২০২১, ০০:০০

একের পর এক যৌন হয়রানির অভিযোগে পদত্যাগের চাপের মুখে রয়েছেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ড্রু কুওমো। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে দুটি তদন্ত শুরু হয়েছে। এর মধ্যেই তার বিরুদ্ধে যৌন হয়রানির নতুন অভিযোগ তুলেছেন তারই দপ্তরে বর্তমানে কর্মরত এক নারী সহকর্মী। এলিসা ম্যাকগ্রাথ নামের ঐ নারী শুক্রবার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, গভর্নর কুওমো তার শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তার চেহরা, পোশাক নিয়ে মন্তব্য করেন। এমনকি তার বৈবাহিক অবস্থা নিয়েও জানার আগ্রহ দেখান। বর্তমানে কর্মরত আরেক নারী সহকর্মীর ক্ষেত্রেও কুওমো একই আচরণ করেন বলে এলিসা ম্যাকগ্রাথ জানান।

৩৩ বছর বয়সি এলিসা বলেন, গভর্নর কুওমো তার শার্টের দিকে তাকিয়ে থাকেন। তার গলায় ঝুলতে থাকা হার নিয়েও মন্তব্য করেন। আমাকে ও আরেক নারী সহকর্মীকে তিনি ‘মিঙ্গল মামাস’ নামে ডাকেন। তিনি গভর্নরের বিরুদ্ধে সরাসরি যৌন হয়রানির অভিযোগ না করলেও তার মতে, কুওমোর কাজ যৌন হয়রানির পর্যায়ে যায়। এলিসার আইনজীবী মারিয়ান ওয়াং বলেন, যেকোনো উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে না।

খবরে বলা হয়েছে, কুওমোর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ করেছেন এলিসা। তার অভিযোগ আরেক কর্মরত নারী সহকর্মীর শরীরে হাত দিয়েছিলেন কুওমো। তবে ঐ নারী সহকর্মীর নাম প্রকাশ করা হয়নি।

এখন পর্যন্ত কুওমোর বিরুদ্ধে বেশ কয়েক জন সাবেক ও বর্তমান নারী সহকর্মী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। ৬৩ বছর বয়সি কুওমো এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সহকর্মীদের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। কিন্তু অনেকেই এটিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। তিনি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলকে তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

কুওমোর ব্যক্তিগত আইনজীবী রিটা গ্লাভিন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, গর্ভনর নারী ও পুরুষকে আলিঙ্গন করে কপালে, হাতে চুমু খেয়ে স্বাগত জানান। তবে তিনি কখনো অশোভনভাবে কাউকে স্পর্শ করেননি।