মশা মারলে স্বর্ণপদক!

আপডেট : ২১ মার্চ ২০২১, ০০:০৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যে ওয়ার্ড সবচেয়ে বেশি পরিচ্ছন্ন থাকবে এবং কম মশা পাওয়া যাবে সে ওয়ার্ডের কাউন্সিলর ও তার টিমকে আগামী ডিসেম্বর মাসে স্বর্ণপদক দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। গতকাল শনিবার ডিএনসিসির নগর ভবনে সমন্বিত মশক নিধন কার্যক্রম পরবর্তী এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।

সভায় সমন্বিত মশক নিধন কার্যক্রম সম্পর্কে মেয়রের সঙ্গে ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, মশক নিধন কর্মী, পরিচ্ছন্নতা পরিদর্শক, মশক সুপারভাইজাররা মতবিনিময় করেন। মেয়র বলেন, অভিযান চলাকালে আমি আমাদের ১ হাজার ২০০ মশক নিধন কর্মীর হাজিরা দেখতে চাই, কিন্তু সেটা পাইনি। তাই প্রত্যেক মশক সুপারভাইজারকে তার নিজ নিজ ওয়ার্ডের মশক নিধন কর্মীদের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে হবে।

আগামী ৩ এপ্রিলের মধ্যে সব ডোবা, জলাশয়, পরিত্যক্ত জায়গা ইত্যাদির মালিকদের নিজ নিজ ডোবা, জলাশয়, পরিত্যক্ত জমি পরিষ্কারের জন্য চিঠি দেওয়ার নির্দেশ দেন মেয়র। যারা পরিষ্কার করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ১০ এপ্রিল থেকে গণহারে মামলা করারও নির্দেশ দেন মেয়র।