সুখী দেশের তালিকায় চার ধাপ এগিয়েছে বাংলাদেশ

আপডেট : ২১ মার্চ ২০২১, ০০:২৯

পর পর চার বছর বিশ্বের সবচেয়ে সুখি দেশের শীর্ষ স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। জাতিসংঘের সৌজন্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থানও আগের চেয়ে চার ধাপ এগিয়েছে। এবার বাংলাদেশের অবস্থান ৬৮তম।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বের ১৪৯টি দেশে জরিপ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। এরপরেই যথাক্রমে রয়েছে সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডস। মানুষ তার ব্যক্তিগত জীবনে কতটা সুখি সেটার গড় মূল্যায়নে বাংলাদেশ তার প্রাপ্ত স্কোর অনুযায়ী তালিকার ৬৮ নম্বরে স্থান পেয়েছে। এবারের তালিকায় আগের অবস্থান থেকে চার ধাপ পিছিয়েছে যুক্তরাজ্য। এছাড়া তালিকার ১৯তম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।

অ্যানালেটিক রিসার্চ গ্যালাপ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নবমবারের মতো হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হলো। মূলত ১৪৯টি দেশের মানুষজনকে বিভিন্ন প্রশ্ন করে তাদের সুখ পরিমাপ করা হয়েছে। সুখের পরিমাপক হিসেবে দেশটির সামাজিক সুযোগ-সুবিধা, সামাজিক উদারতা, ব্যক্তিগত স্বাধীনতা, মোট দেশজ উত্পাদন-জিডিপি, গড় আয়ু এবং দুর্নীতির মাত্রা বিষয়গুলোকে সামনে রাখা হয়।

তবে এবার সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে করোনা ভাইরাস মহামারিতে মানুষের সার্বিক পরিস্থিতিকে। এসব মানদণ্ডে বিশ্বের সবচেয়ে অসুখি দেশ হিসেবে আফগানিস্তানের নাম উঠে এসেছে। তার পরেই রয়েছে লেসোথো, বোতসোয়ানা, রুয়ান্ডা ও জিম্বাবুয়ে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অসুখি দেশ হিসেবে আফগানিস্তানের পরেই ভারতের অবস্থান। ১৪৯টি দেশের মধ্যে ভারত রয়েছে ১৩৯তম অবস্থানে।