নরেন্দ্র মোদি সফরে

আপডেট : ২১ মার্চ ২০২১, ০০:৩০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর নিয়ে কয়েকটি গোষ্ঠী যে বিরোধিতা করছে তাতে সরকার চিন্তিত নয়। গতকাল শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে ভিন্ন মতের, বিভিন্ন দলের লোক আছে এবং যার যা মত আছে সেটি প্রকাশের স্বাধীনতা আছে।

তিনি বলেন, অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান আসছেন এবং কেউ কেউ বিভিন্ন প্রচারণা করছেন যাতে করে তারা না আসে; এটি তাদের বক্তব্য। সরকার নরেন্দ্র মোদিকে দাওয়াত দিয়েছেন এবং আমরা গর্বিত যে, তিনি আসবেন। এজন্য তাকে আমরা সব ধরনের সুরক্ষা দেব। আমাদের যে কর্মসূচি আছে, সেভাবেই হবে।

নরেন্দ্র মোদি ঢাকার বাইরে দুটি মন্দিরে যাবেন, যা অনেকে রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করছেন। এর ফলে বাংলাদেশের কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, না এটি কোনো সমস্যা হবে না। আমরা খুব আনন্দিত যে, একজন সরকার প্রধান ঢাকার বাইরে সফর করবেন। যেখানে তিনি যাচ্ছেন সেখানে পর্যটন বাড়বে এবং সেখানে আমরা একটি নতুন রাস্তা খুলে দিচ্ছি, স্বাধীনতা সড়ক এবং এটি আমাদের জন্য ভালো হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কেবল দ্বিপাক্ষিক সফর নয়, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদিসহ অন্যান্য অতিথি যোগ দিচ্ছেন। দ্বিচারিতা পরিহার করে যারা দেশকে ভালোবাসেন তাদের অবশ্যই উচিত অতিথিদের স্বাগত জানানো।

এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সফর নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর আগস্টে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর। দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক, বিশেষতঃ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা ও তথ্যপ্রযুক্তিসহ বিবিধ অঙ্গনে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।