প্রথম সংক্রামিতকে শনাক্ত করার প্রায় দুইমাস আগেই চীনে ছড়ায় করোনা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জার্নাল সায়েন্স-এ প্রকাশিত সাম্প্রতিক গবেষণা রিপোর্টে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির বরাতে জানা যায়, গবেষক দলের অন্যতম সদস্য তথা সান দিয়েগো স্কুল অব মেডিসিনের অধ্যাপক জোয়েল ও ওয়েরথেইম জানান, চীনে করোনার প্রাদুর্ভাবের শুরুর দিনটিকে খুঁজে বের করাই ছিল এই গবেষণার মূল উদ্দেশ্য। তার ভাষ্যমতে, ‘সেই উত্তর খুঁজতে গিয়েই আমরা তিনটি পরিসংখ্যানের উপর জোর দিয়েছিলাম।
প্রথমে লকডাউনের আগে উহানে করোনা সংক্রমণের তথ্যগুলিকে বিশ্লেষণ করা হয়। তার সঙ্গে প্রথম দিকের করোনা আক্রান্তদের তথ্য এবং চীনজুড়ে ভাইরাসের জিনগত বৈচিত্র্যগুলি মিলিয়ে দেখা হয়। আর তাতেই উঠে এসেছে, ২০১৯ সালের অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই হুবেই প্রদেশে করোনার সংক্রমণ ছড়াতে শুরু করেছিল।
২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা রোগীর খোঁজ মেলে। মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। ৩১ ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।
তবে ঠিক কীভাবে এর সংক্রমণ শুরু হয়েছিল, তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি বিশেষজ্ঞরা। তারা বলছেন, সম্ভবত কোনও প্রাণী এর উৎস ছিল। প্রাণী থেকেই প্রথমে ভাইরাসটি কোনও মানুষের দেহে ঢুকেছে এবং তারপর মানুষ থেকে মানুষে ছড়িয়েছে।
ইত্তেফাক/এএইচপি
