উন্নয়নশীল দেশগুলো যাতে তাদের নিজেদের জন্য টিকার উৎপাদনের সক্ষমতা অর্জন করে সেই সহায়তার প্রস্তাব আটকে দিচ্ছে যুক্তরাজ্যসহ অন্যান্য ধনী দেশ। বিবিসি নিউজনাইট অনুষ্ঠানে এ সংক্রান্ত নথি ফাঁস হয়েছে।
বেশ কয়েকটি দরিদ্র দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেছিল, তাদের সহায়তা করতে। আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী দরিদ্র দেশগুলোকে এই সহায়তা দেওয়ার কথা থকলেও ধনী দেশগুলো তা উপেক্ষা করছে। এই তথ্য পাওয়া গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি ফাঁস হওয়া অনুলিপি থেকে। এই ধনী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন-ভুক্ত দেশগুলো রয়েছে। ‘ভাষাসহ এমন আরও অনেক বিষয় রয়েছে, যার কারণে একটি দেশের পক্ষে অভ্যন্তরিণভাবে আরও বেশি টিকা এবং ওষুধ উৎপাদন করা সহজ হয়।
এর মধ্যে এমন উদ্যোগও থাকবে যা অর্থায়নের বিষয়টিকে সহজতর করবে। অন্যদিকে যুক্তরাজ্য এ ধরনের প্রগতিশীল প্রস্তাবগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে,’ জাস্ট ট্রিটমেন্টের ডায়ারমেড ম্যাকডোনাল্ড এসব কথা বলেছে। জাস্ট ট্রিটমেন্ট মূলত রোগীদের একটি গোষ্ঠী যারা ওষুধের সুষ্ঠু সরবরাহে জন্য কাজ করে। যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘বিশ্বব্যাপী মহামারির জন্য একটি বিশ্বব্যাপী সমাধান প্রয়োজন এবং যুক্তরাজ্য বিশ্ব জুড়ে কোভিডের টিকা এবং এ রোগের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে চলেছে, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে’।
মুখপাত্র বলেছেন, চলতি বছরে উন্নয়নশীল দেশগুলো যেন করোনা ভাইরাসের ১ কোটি ডোজ টিকা পায় তা নিশ্চিত করার জন্য যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, তার অন্যতম অনুদান প্রদানকারী দেশ হল যুক্তরাজ্য। এসব ওষুধের সরবরাহ সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কখন হস্তক্ষেপ করবে কিংবা হস্তক্ষেপ করবে কি না, সেটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা।
তবে বিভিন্ন দেশের টিকা ও ওষুধ সংগ্রহের সক্ষমতার বিষয়টি মহামারির সময়ে উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যু রোধ করতে এবং মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভ্যাকসিনের ন্যায়সঙ্গত প্রবেশাধিকার অপরিহার্য।
ইত্তেফাক/এএইচপি
