ইরফান সেলিমের বিরুদ্ধে চার্জশিট, বাদীকে আদালতে হাজিরের নোটিশ

আপডেট : ২১ মার্চ ২০২১, ১৪:০০

নৌবাহিনীর অফিসারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ওই দিন মামলার বাদী নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারিও করেছেন আদালত।

আজ রবিবার (২১ মার্চ) মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিলো। ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম মামলার চার্জশিট গ্রহণের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেন। একইসঙ্গে মামলার বাদী নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর সন্ধ্যার পর ধানমন্ডির কলাবাগান ক্রসিংয়ে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর ওই নৌ কর্মকর্তা মোটরসাইকেল থামিয়ে নিজের পরিচয় দেন। এ সময় গাড়িটি থেকে দুই ব্যক্তি নেমে এসে লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর শুরু করলে তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। ঘটনাস্থলে লোকজন জমে গেলে সংসদ সদস্যের গাড়ি ফেলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ওইদিনই পুরান ঢাকার বড় কাটরায় ইরফানের বাবা হাজী সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে এরফান সেলিমকে এক বছরের এবং তার দেহরক্ষী মো. জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

ইত্তেফাক/কেকে