এফবিসিসিআই ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:০৮

ইত্তেফাক রিপোর্ট

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম রয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। ভোটার তালিকায় জাল-জালিয়াতি বিষয়ে ২২টি সংগঠনের অভিযোগে বলা হয়, সংগঠনের সঙ্গে সম্পৃক্ত না থাকা ভুয়া লোকদের ভোটার তালিকায় রাখা হয়েছে। এসব ভুয়া ভোটার বাতিলের দাবি জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই নির্বাচন বোর্ডের সদস্য শামসুল আলম গতকাল বলেন, সংগঠনগুলো বেশির ভাগই ভোটার তালিকার জন্য দুই গ্রুপ প্রতিনিধিদের নাম জমা দিয়েছে। অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করে আপিল বোর্ড সিদ্ধান্ত দেবে। আমরা সে সিদ্ধান্ত মেনে নেব। নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলামিন বলেন, সংগঠনগুলোর অভিযোগের ভিত্তিতে শুনানি চলছে।

নির্বাচন বোর্ড সূত্র জানায়, তপশিল মোতাবেক আগামী ৫ মে পরিচালক পদের ভোট গ্রহণ হবে। এ লক্ষ্যে গত ১৩ মার্চ অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৯১৩ জন ও চেম্বার গ্রুপে ৪৮৮ জনসহ সর্বমোট ২ হাজার ৪০১ জনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ হয়। এখন অভিযোগ এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ২৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে।