কুষ্টিয়ায় মাউশির আঞ্চলিক কার্যালয় স্থাপন প্রসঙ্গে

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:১২

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার নয়টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে রয়েছে ১০টি জেলা, ৫৯টি উপজেলা। প্রত্যেক উপজেলায় গড়ে ৩০টা করে প্রতিষ্ঠান হলে মোট দাঁড়ায় ১৭৭০টা (বাস্তবে শিক্ষাপ্রতিষ্ঠান আরো বেশি)। ১৭৭০টার মধ্যে যদি ৩০ শতাংশ প্রতিষ্ঠান থেকে আবেদন যায়, তাহলেও ফাইলের সংখ্যা দাঁড়ায় প্রায় ৫৩১টি (বাস্তবে আরো বেশি)। প্রতিটি ফাইল পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করতে গিয়ে অনেক সময় কিছু কিছু ফাইল অনিষ্পত্তি অবস্থায় পড়ে থাকে। এছাড়া খুলনা আঞ্চলিক অফিসের অনেকেই এখন ঘুষ-বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। টাকা দিলে সঙ্গে-সঙ্গে কাজ হয়, টাকা না দিলে অনেক সময় এমপিও ফাইল ঠিক থাকা সত্ত্বেও ফাইল রিজেক্ট হয়ে যায়; কখনো কখনো অনিষ্পত্তি অবস্থায় ফেলে রাখার অভিযোগও ওঠে। তাছাড়া ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের শেষপ্রান্তে অবস্থিত। কুষ্টিয়া থেকে খুলনার দূরত্ব ১৫৯ কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা। তাই খুলনা আঞ্চলিক অফিসের কাজের চাপ ও দুর্নীতি কমাতে বৃহত্তর কুষ্টিয়ার তিনটি জেলা, পার্শ্ববর্তী ঝিনাইদহ ও মাগুরা এই মোট পাঁচ জেলা নিয়ে পৃথক একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হলে দ্রুত ফাইলগুলো নিষ্পত্তি হবে; শিক্ষক-কর্মচারীদের সময়, অর্থ ও ভোগান্তিও অনেক কমবে। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের কাছে প্রত্যাশা— কুষ্টিয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পৃথক একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

মীর সনি আহমেদ

কোর্টপাড়া,  কুষ্টিয়া