পটুয়াখালীর সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:১৭

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর সাবেক সিভিল সার্জন ডা. শাহ মোজাহেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছে আদালত। দুদকের দায়ের করা মামলায় পটুয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক রোখশানা পারভীন গতকাল রবিবার এই আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার পরিচ্ছন্নতা ও অন্য কাজের জন্য ২০১৭-১৮ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী থেকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ সময় দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল আলম উচ্চ শিক্ষার জন্য ছুটিতে থাকায় পটুয়াখালীর সিভিল সার্জন ডা. শাহ মোজাহেদুল ইসলামকে সেখানকার আয়ন-ব্যয়ন কর্মকর্তা নিয়োগ করা হয়। এ সময় বরাদ্দ টাকা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে উত্তোলন করে তিনি আত্মসাত্ করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগের অনুসন্ধানপূর্বক সত্যতা যাচাইসাপেক্ষে দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ পটুয়াখালী সদর থানায় ২০১৮ সালের ১৩ নভেম্বর সিভিল সার্জন ডা. শাহ মোজাহেদুল ইসলামের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরবর্তী সময়ে দুদকের সহকারী পরিচালক মোজাম্মিল হোসেন এই মামলার তদন্তপূর্বক সত্যতা প্রমাণিত হওয়ায় উক্ত আসামির বিরুদ্ধে গত ১৬ ফেব্রুয়ারি তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালীর পিপি কে বি এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।