কলেজের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার আটপাড়া ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন এবং পানি সরবরাহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের এমপি এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষ্যে কলেজ ভবনে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল কাউয়ুম রোকনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ গঠন
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। রবিবার জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. আল-আমীন হোসেন ও সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন। এতে মো. সাইফুল ইসলাম আহ্বায়ক ও সদস্য হিসেবে রয়েছেন মো. আবু সায়েম, মো. বাছির উদ্দিন, সারোয়ার ইবনে হাবিব মিল্টন প্রমুখ।
তথ্যপ্রযুক্তি আইনবিষয়ক প্রশিক্ষণ
বান্দরবান প্রতিনিধি বান্দরবানে রবিবার তথ্যপ্রযুক্তি আইনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীনের সভাপতিত্বে পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল প্রমুখ।
সচেতনতামূলক শোভাযাত্রা ও মাস্ক বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলায় রবিবার জেলাব্যাপী পুলিশের উদ্যোগে শোভাযাত্রা, মাস্ক বিতরণ ও সচেতনতামূলক সভা করা হয়েছে। সদর মডেল থানার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে আলোচনাসভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পৌরসভার মেয়র আবু তাহের, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির প্রমুখ।
জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
জয়পুরহাট প্রতিনিধি জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় বিভাগীয় কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মাছুম আহম্মেদ ভূঞা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত ফারজানা প্রমুখ।
মত্স্যজীবীদের মধ্যে চাল বিতরণ
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা চৌহালীর এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর ইউনিয়নে যমুনায় মাছ আহরণের সঙ্গে জড়িত মত্স্যজীবীদের মধ্যে রবিবার সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। জাটকা ধরা বন্ধের সময় আহরণে বিরত থাকা ইউনিয়নের ১৬৬ জন জেলের প্রত্যেককে ৪০ কেজি হারে (ফেব্রুয়ারি-মার্চ) দুই মাসের মোট ৮০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করেন সহকারী মত্স্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম প্রমুখ।
পাইকগাছায় উঠান বৈঠক
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার সোলাদানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম এনামুল হক রবিবার উঠান বৈঠক করেছেন। ছালুবুনিয়ায় ইউপি সদস্য ঠাকুর দাশ সরদারের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রনজিত্ কুমার মণ্ডলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রভাষ চন্দ্র সানা, রবিন কুমার বাছাড়, সরদার মুস্তাক আহম্মদ প্রমুখ।
