জামাল ভুঁইয়া নেপাল যাচ্ছেন আজ
স্পোর্টস রিপোর্টার
জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার রহমত মিয়া শেষ পর্যন্ত নেপালে তিন জাতির ফুটবল টুর্নামেন্টে খেলতে যেতে পারছেন না। কাঠমান্ডুতে আগামী ২৩ মার্চ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে কিরগিজস্তানের বিপক্ষে। ১৮ মার্চ বাংলাদেশ ফুটবল দলের নেপালে যাওয়ার দিন সকালে জানা যায় রহমত মিয়া করোনায় আক্রান্ত। তাকে আইসোলেশনে রেখে ফুটবল দল নেপালে চলে যায়। ধারণা ছিল, খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন রহমত মিয়া। কিন্তু আরো দুই দফা নমুনা টেস্ট করানো হলেও একবার পজিটিভ তো আরেকবার নেগেটিভ রেজাল্ট আসে। গতকাল সকালে নমুনা পরীক্ষার রেজাল্ট এসেছে নেগেটিভ। কিন্তু এই পরিস্থতিতে বাফুফে রহমতকে নেপালে পাঠাচ্ছে না। জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে নেপাল থেকে খবর পাঠিয়েছেন, যেন রহমতকে না পাঠানো হয়। তাকে বিশ্রামেই থাকতে বলেছেন জেমি। সঙ্গে রহমতকে কিছু কাজও দিয়েছেন।
রহমত না থাকায় রক্ষণভাগে সমস্যা হবে, কিন্তু ঝুঁকি নিয়ে খেলাতে চাইছেন না কোচ। রহমত সুস্থ হলে জুনে কাতারে যাবেন এমন ভাবনা কোচের। তবে আজ বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া নেপালে যাবেন বলে জানিয়েছে বাফুফে। আজ নেপালে গিয়ে সকালের অনুশীলন পাবেন না, তবে বিকালে তার জন্য বিশেষ অনুশীলন থাকবে, সেটা জানিয়েছে বাফুফে।
বাংলাদেশ ফুটবল দল গতকালও নেপালের রাজধানী কাঠমান্ডুতে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুশীলন করেছে। এই মাঠে আগেও বাংলার অনেক ফুটবলার খেলেছেন। তবে বেশ কিছু ফুটবলার এবার নতুন হলেও দলের সবার কাছেই এখন দশরথ স্টেডিয়াম নতুন এক ছবি। ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পে দশরথ স্টেডিয়ামও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর এই স্টেডিয়াম নতুন করে সাজানো হয়েছে। স্টেডিয়ামের এখনকার ছবিটি অন্যরকম এক মুগ্ধতা ছড়ায়। নতুন সাজানো-গোছান স্টেডিয়ামের সবু মাঠে মতিন মিয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, আশরাফুল রানা, রিয়াদুল, ইয়াসিন, মানিক মোল্লা, রিয়াদুলরা ফুরফুরে মেজাজে অনুশীলন করছেন।
গতকাল স্ট্রাইকার মতিন মিয়া নেপাল থেকে দলের অনুশীলন নিয়ে জানাচ্ছিলেন কোচ জেমি ডে খেলোয়াড়দের পজিশন নিয়ে কাজ করছেন। মতিন মিয়া বলছিলেন, তিনি আগের বার জাতীয় দলের স্কোয়াডে ছিলেন না ইনজুরির কারণে। এবার ইনজুরি নেই। একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছেন। বসুন্ধরা কিংসের এই খেলোয়াড় ক্লাব লিগে বেঞ্চে ছিলেন। একাদশে ছিলেন না। তার জন্য নতুন চ্যালেঞ্জ। কারণ স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন ইনজুরির কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। গতকাল দশরথ স্টেডিয়ামে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে বললেন, ‘পজিশনের পাশাপাশি ফিনিশিংটা নিয়েও কাজ করেছেন কোচ।’ বাংলাদেশ, নেপাল ও কিরগিজস্তান খেলছে এই টুর্নামেন্টে।
