আবারও রিয়ালের ত্রাতা বেনজেমা
স্পোর্টস ডেস্ক
কিছুদিন আগে বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড রবার্ট লেভান্ডভস্কিকে নিয়ে মজা করে বলেছিলেন, ‘আমি যখন একটা গোল করে তার (লেভার) একটু কাছে যাই, তখন সে আরেকটা হ্যাটট্রিক করে বসে, যেন এটা কিছুই না।’ গত শনিবার যেন এ ঘটনাই ঘটল। বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে জোড়া গোল করে হাল্যান্ড তার দলকে একটি ড্র উপহার দিলেও দিনের অপর ম্যাচে স্টুটগার্ডের জালে তিনবার বল জড়িয়ে বায়ার্ন মিউনিখকে ৪-০ গোলের বড় জয় উপহার দিয়েছেন রবার্ট লেভান্ডভস্কি। ওদিকে লা লিগায় করিম বেনজেমার জোড়া গোলে সেল্টা ভিগোকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
আলিয়াঞ্জ এরিনায় ম্যাচের ১২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্নের ফুলব্যাক আলফনসো ডেভিস। ১০ জনে নেমে যাওয়ার পরই হুট করে জ্বলে ওঠে বাভারিয়ানরা। পরের ১১ মিনিটে স্টুটগার্ডের জালে তিন বার বল জড়ায় তারা। সেই তিন গোলের দুটিই করেছেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার লেভান্ডভস্কি। ৩৯ মিনিটে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। প্রথমার্ধের এই হ্যাটট্রিকে লেভার এই মৌসুমের গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪২-এ (ইউরোপে সর্বোচ্চ)। লিগে টানা চতুর্থ এই জয়ে টেবিলের শীর্ষস্থানটা আরেকটু পাকাপোক্ত করেছে হ্যান্সি ফ্লিকের দল। দুইয়ে থাকা আরবি লাইপজিগের চেয়ে এখন ৪ পয়েন্টে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে লিগের অপর ম্যাচে কোলনের বিপক্ষে ২-২ গোল ড্র করেছে ডর্টমুন্ড। ডর্টমুন্ডের হয়ে দুটি গোলই করেছেন হাল্যান্ড। এই ড্রয়ে ডর্টমুন্ডের শীর্ষ চারের স্বপ্ন কিছুটা ফিকে হয়ে গেছে। চারে থাকা আইনট্রাখট ফ্রাংকফুর্টের চেয়ে এখনো ৪ পয়েন্টে পিছিয়ে আছে হাল্যান্ডরা। লিগে বাকি আছে আর মাত্র আট ম্যাচ।
এদিকে রিয়ালের হয়ে টানা ষষ্ঠ ম্যাচে গোল করলেন বেনজেমা। সেল্টা ভিগোর ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শনিবার ২০তম মিনিটে সফরকারীদের এগিয়ে নিয়ে যান বেনজেমা। ১০ মিনিটের মধ্যে আবার তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। বেনজেমার দুটি গোলই এসেছে মিডফিল্ডার টনি ক্রুসের পাশ থেকে। এরপর সেল্টা একটি গোল পরিশোধ করলেও যোগ করা সময়ে মার্কোস আসেনসিও গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। লা লিগায় দিনের অপর ম্যাচে এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিকো বিলবাও।
