বঙ্গবন্ধু এনসিএল
আজ শুরু
স্পোর্টস রিপোর্টার
করোনা মহামারির কারণে এক বছরের বিরতি পড়েছে। অনেক আলোচনাপ্রক্রিয়া শেষে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট। দেশের আপামর ক্রিকেটারদের অপেক্ষা ফুরাচ্ছে। দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর শুরু হচ্ছে আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে টুর্নামেন্টের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু এনসিএল’।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। টানা দশম বারের মতো এনসিএলের স্পন্সর হয়েছে ওয়ালটন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও টানা ৯ আসরে পৃষ্ঠপোষকতা করেছে দেশীয় প্রতিষ্ঠানটি।
এনসিএলের দুই স্তরে অংশগ্রহণ করবে সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো। প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ। আট দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা করোনার টিকা নিয়েছেন। চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এনসিএলের ম্যাচ। আজ শুরু হতে চলা প্রথম রাউন্ডে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলবে স্বাগতিক খুলনা ও সিলেট বিভাগ। বিকেএসপির-৪ নম্বর মাঠে নামবে ঢাকা ও রংপুর বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক বরিশালের আতিথেয়তা নেবে ঢাকা মেট্রো।
গতকাল মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছে রংপুর বিভাগ। অনুশীলনের পর নাসির হোসেন জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট শুরুর অপেক্ষায় ছিলেন তারা সবাই। করোনাকাল বলেই প্রতিটি দলকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হচ্ছে।
লিটন কুমার দাস না থাকলেও রংপুর বেশ ভারসাম্যপূর্ণ দল। শিরোপার জন্যই এবার লড়বে দলটি। গতকাল নাসির বলেছেন, ‘রংপুরের দল বরাবরই আমরা ভালো দল থাকি এবং ভালো খেলি। প্রত্যেকবারই শিরোপার জন্য লড়াই করি। লিটন অবশ্যই আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ও ছাড়াও ভালো ভালো খেলোয়াড় আছে। সব মিলিয়ে আমাদের দল ভালো।’
ব্যাটসম্যান নাসিরের টার্গেট এনসিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া। গতকাল নাসির বলেছেন, ‘এটা আমার কামব্যাক টুর্নামেন্ট। চেষ্টা থাকবে অন্ততপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। যেহেতু ৬টা ম্যাচ। ৬ ম্যাচে যেন অন্তত ৮০০ বা হাজার রান করতে পারি। এটাই আমার চেষ্টা থাকবে।’ এনসিএলের দ্বিতীয় রাউন্ড শুরু হবে ২৯ মার্চ।
