এভারটনকে হারিয়ে সেমিতে সিটি

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:২৯

ইকাই গুন্দোগান ও কেভিন ডি ব্রুইনার গোলে এভারটনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এফএ কাপের সেমিফাইনালে পা রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার এভারটনের ঘরের মাঠ, গুডিসন পার্কে অনুষ্ঠিত হওয়া এই কোয়ার্টার ফাইনাল ২-০ গোলে জিতে কোয়াপড্রাপলের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পেপ গার্দিওলার শিষ্যরা। গুডিসনে ম্যাচের সিংহভাগ বলের দখল সিটির পায়ে থাকলেও প্রতিপক্ষ বক্সে তেমন সুবিধা করতে পারছিল না গুন্দোগানরা। আর প্রতি আক্রমণের গেমপ্ল্যান নিয়ে মাঠে নামা এভারটন প্রথমার্ধে গোলই দিয়ে বসেছিল একটি। ইয়েরি মিনার হেডার গোললাইন থেকে না ফিরালে প্রথমার্ধেই পিছিয়ে যেতো সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের একদম শেষদিকে এভারটনের রক্ষণকে ভাঙতে সক্ষম হয় সিটি। ৮৪ মিনিটে গুন্দোগান ও ৯০ মিনিটে বদলি খেলোয়াড় ডি ব্রুইনা গোল করলে নির্ধারিত সময়ের জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।