জোর করে নয়, উদ্বুদ্ধ করে মাস্ক পরাতে চায় পুলিশ

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:৪৯

শান্তিনগরে পথচারীদের

মধ্যে মাস্ক বিতরণ

বিশেষ প্রতিনিধি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায় বলেছেন, জোর করে কিংবা আইন প্রয়োগ করে নয়, মানুষকে উদ্বুদ্ধ ও সচেতনতা সৃষ্টি করে মাস্ক ব্যবহারে বাধ্য করতে চায় পুলিশ। গতকাল রবিবার দুপুরে রাজধানীর শান্তিনগর ট্রাফিক বক্স সংলগ্ন পথচারী ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’  প্রতিপাদ্যকে  সামনে রেখে গতকাল থেকে দেশব্যাপী শুরু হওয়া পুলিশের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সর্বসাধারণকে বিনা মূল্যে মাস্ক বিতরণ করছে ডিএমপি।

অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, পুলিশ মাস্ক ব্যবহারে আইন প্রয়োগ কিংবা জোর করে মানুষকে বাধ্য করতে চায় না। মানুষকে উদ্বুদ্ধ করে ও সচেতনতা সৃষ্টি করে মাস্ক ব্যবহারে বাধ্য করতে চায়। আমরা আশা করছি, সবাই নিজের ঝুঁকি বুঝতে পেরে, বিপদ বুঝতে পেরে নিজ থেকেই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। 

তিনি বলেন, হঠাত্ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আইজিপির নির্দেশনায় পুলিশ দেশব্যাপী করোনা বিরোধী ক্যাম্পেইন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ডিএমপির বিভিন্ন ইউনিট থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ শুরু করেছে।